বিগ বস বাংলা ৩’–এ নন্দিনী দত্ত এখন আলোচনার অন্যতম কেন্দ্রে। কখনো ক্যাপ্টেন্সি টাস্কে সহপ্রতিযোগী সৃজলা গুহকে ঘোড়া থেকে ফেলে দেওয়ার ঘটনায়, কখনো রাজবীর দের সঙ্গে ঘনিষ্ঠতায়, আবার কখনো রান্নাঘরের ঝামেলায়—বারবারই উঠে আসছে তাঁর নাম। এর মধ্যেই রাজবীরের সঙ্গে চুম্বনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফলে অভিনয়ের পরিচয়ের বাইরে রিয়েলিটি শোর বিতর্কই এখন নন্দিনীর পরিচিতির বড় অংশ হয়ে উঠেছে। কিন্তু কে এই নন্দিনী দত্ত? ‘বিগ বস’–এর ঘরে ঢোকার আগে টেলিভিশনে কী কাজ করেছেন তিনি?
অভিনয়ে পথচলা শুরু ২০১৯ সালে
নন্দিনী দত্ত পশ্চিমবঙ্গের বাংলা টেলিভিশন ও ওটিটির পরিচিত মুখ। তাঁর অভিনয়জীবনের শুরু ২০১৯ সাল বলে উল্লেখ করা হয়েছে। ‘এখানে আকাশ নীল’ দিয়ে অভিনয়ে যাত্রা শুরুর পর ধীরে ধীরে ছোট পর্দায় নিজের জায়গা তৈরি করেন তিনি। পরে ‘বসন্ত বিলাস মেসবাড়ি’ ও ‘রামকৃষ্ণা’ ধারাবাহিকে কাজ করেন।
‘বসন্ত বিলাস মেসবাড়ি’তে নন্দিনী ছিলেন নিয়মিত অভিনয়শিল্পীদের একজন। সিরিজটির ২০২১ থেকে ২০২২ সালের প্রচারে তিনি ১৯২টি পর্বে কাজ করেছেন। পরে ‘রামকৃষ্ণা’ ধারাবাহিকে কৃষ্ণা চরিত্রে অভিনয় করেন।টেলিভিশনের পাশাপাশি ওয়েবেও কাজ করেছেন নন্দিনী। তাঁকে দেখা গেছে আলোচিত সিরিজ ‘বোধন’–এ। পরে ‘দুই শালিক’ ধারাবাহিকে ঝিলিক চরিত্রে অভিনয় করে আরও পরিচিতি পান তিনি। ২০২৫ সালে একটি সাক্ষাৎকারে নন্দিনী নিজেই বলেছিলেন, তাঁকে দেখে অনেকেরই মনে হয়েছিল, তিনি ‘হিরোইন ম্যাটেরিয়াল’ নন। সেই জায়গা থেকে ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্র পাওয়ার অভিজ্ঞতাও তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য অধ্যায়।
‘বিগ বস’–এ এসে বদলে গেল পরিচিতি
গত ৩০ আগস্ট শুরু হওয়া ‘বিগ বস বাংলা ৩’–এ প্রতিযোগী হিসেবে যোগ দেন নন্দিনী। শুরুতে তাঁর পরিচয় ছিল অভিনেত্রী হিসেবে। কিন্তু রিয়েলিটি শোর ঘরে ব্যক্তিগত সম্পর্ক, মতবিরোধ ও বিভিন্ন টাস্কে তাঁর আচরণ সামনে আসতে থাকায় দ্রুতই নন্দিনী হয়ে ওঠেন আলোচিত প্রতিযোগীদের একজন।
বিশেষ করে ওয়াইল্ড কার্ড হিসেবে রাজবীর দে ঘরে ঢোকার পর তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়।