রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যের নির্মম হত্যাকাণ্ডের মোটিভ উন্মোচন করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।তিনি বলেন, ‘ঘটনাটি জানার পরও প্রতিবেশীরা তথ্য দিতে কিছুটা লুকোচুরি করছিল। তবে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করে এবং দ্রুততম সময়ে হত্যাকারীদের শনাক্ত করতে সক্ষম হয়। এই হত্যাকাণ্ডের তদন্তে এখন আর লুকোচুরি বা ধোঁয়াশার কিছু নেই।’
তিনি বলেন, ‘লাশ উদ্ধার অভিযান চলাকালেই গোপন সূত্রের মাধ্যমে দুই সন্দেহভাজনের নাম জানতে পারে পুলিশ। উদ্ধার কাজ শেষ হওয়ার মাত্র দেড় ঘণ্টার মধ্যে মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা দুই অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে আটক করে। কোনো বিলম্ব ছাড়া পুলিশ তাৎক্ষণিকভাবে আলামত সংগ্রহ করায় এবং অন্যান্য বিভাগের সহায়তায় কাজ করায় তদন্তের কোনো আলামত নষ্ট হয়নি।’ডিবির এই কর্মকর্তা জানান, ‘লাশ উদ্ধারের অভিযান চলাকালীন ঘটনাস্থলের আশপাশেই ঘোরাফেরা করছিল সিদ্ধার্থ দাস। বিষয়টি টের পেয়ে তার বাবা বিনয় দাস তাকে পাশের কাকার বাড়িতে পাঠিয়ে দেয়। পরবর্তী সময়ে গোপন তথ্যের ভিত্তিতে রাত ৩টার কিছু পরে আমরা বিনয় দাসের কাছে গিয়ে সিদ্ধার্থের অবস্থান জানতে চাই। বাবার ডাকে সিদ্ধার্থ বেরিয়ে এলে তাকে সঙ্গে নিয়ে অপর আসামির সন্ধানে অভিযানে নামি।’তিনি আরো বলেন, ‘সিদ্ধার্থকে সঙ্গে নিয়ে মুগ্ধের বাড়িতে যাওয়া হলেও সেখানে তাকে পাওয়া যায়নি। অনুসন্ধানে জানা যায়, মুগ্ধ পালিয়ে দখিগঞ্জ শ্মশানে আশ্রয় নিয়েছে। খবর পাওয়ার পরপরই ডিবি পুলিশের দলটি সেখানে পৌঁছায় এবং শ্মশানের কেয়ারটেকারের ঘরের সামনে বসে থাকা অবস্থায় মুগ্ধকে আটক করে কার্যালয়ে নিয়ে আসে।’দখিগঞ্জ শ্মশানে সরেজমিনে দেখা যায়, ভেতরে ঢোকার মুখে বাম পাশে এবং পেছনের দিকে রেশম উন্নয়ন বোর্ডের তুঁতবাগান। নিচু ইটের সীমানা প্রাচীরের ওপর স্টিলের বেড়া থাকায় তুঁতবাগান থেকে শ্মশানের ভেতরে সহজেই প্রবেশের সুযোগ রয়েছে।সেদিন অভিযানের মুহূর্ত বর্ণনা করে শ্মশানের কেয়ারটেকার বিদ্যুৎ মোহন্ত বলেন, “ওইদিন সে তুঁতফার্ম থেকে এসে দরজায় কড়া নেড়ে পানি চায়। আমি গেট না খুলে প্রথমে জানালা খুলি। এরপরই দেখি প্রশাসন চলে এসেছে এবং পরে তাকে নিয়ে যায়। যখন প্রশাসন ওকে নিয়ে যায়, তখন আমি দরজা পর্যন্ত গিয়ে বলি ‘তোর তো ফাঁসি হওয়া উচিত’।”
মন্তব্য করুন