সুদসহ কৃষিঋণ মওকুফের সুবিধা পেয়েছেন সারাদেশের ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষক। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের আসল ও সুদ মওকুফ বাবদ সরকার সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে মোট ১ হাজার ৩৫২ কোটি ৭৪ লাখ টাকা পরিশোধ করেছে। দীর্ঘদিন ঋণের বোঝা ও খেলাপি থাকার কারণে নতুন করে ব্যাংকঋণ পেতে সমস্যায় থাকা এসব কৃষকের জন্য এ উদ্যোগ আর্থিক স্বস্তি নিয়ে এসেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। সরকারের নির্বাচনী অঙ্গীকার ও কৃষকবান্ধব নীতির অংশ হিসেবে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের ওপর জমা হওয়া সুদসহ সম্পূর্ণ ঋণ মওকুফ করা হয়েছে। ফলে নির্ধারিত সীমার মধ্যে ঋণ নেওয়া কৃষকদের আর ওই ঋণ পরিশোধ করতে হবে না।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া তথ্য অনুযায়ী, এই কর্মসূচির সিংহভাগ সুবিধা পেয়েছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের গ্রাহকেরা। ব্যাংকটির মাধ্যমে ৭ লাখ ৯ হাজার ৬৭৯ জন প্রান্তিক কৃষকের ৬০৪ কোটি ৮১ লাখ টাকা কৃষিঋণ মওকুফ করা হয়েছে।
অন্যদিকে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, অন্যান্য রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সুবিধা পেয়েছেন আরও ৭ লাখ ২৪ হাজার ৮০৩ জন কৃষক। তাঁদের ঋণের বিপরীতে সরকার মওকুফ করেছে ৭৪৭ কোটি ৯৩ লাখ টাকা।
কর্মসূচিটি বাস্তবায়নে সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকগুলো সমন্বিতভাবে কাজ করেছে। নির্ধারিত দাপ্তরিক নীতিমালার আওতায় ব্যাংকগুলো সরাসরি ঋণ মওকুফের প্রক্রিয়া সম্পন্ন করেছে। সাধারণ কৃষকদের যাতে এ জন্য বাড়তি হয়রানির মুখে পড়তে না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঋণ মওকুফের ফলে স্বস্তি পাওয়ার কথা জানিয়েছেন যশোর সদর উপজেলার কয়েকজন কৃষক। তাঁদের একজন দেয়াড়া ইউনিয়নের নারাঙ্গলী গ্রামের ফারুক হোসেন। তিনি বলেন, ১০ হাজার টাকা ঋণ নিয়ে খেলাপি হওয়ায় দীর্ঘদিন দুশ্চিন্তায় ছিলেন। ঋণ পরিশোধের জন্য বাড়ির গাছ কিংবা গোয়ালের গরু বিক্রির কথাও ভাবছিলেন। তবে ঋণ মওকুফ হওয়ায় তাঁকে আর এসব সম্পদ বিক্রি করতে হয়নি।